বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের ভূমিকা জানতে হাইকোর্টে রিট

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির আইনি ও কূটনৈতিক সুরক্ষায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী করেছিল, তা প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জনস্বার্থে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ।

সৌদি কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার নামের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে কার্যকর করা হয়। বিবৃতিতে মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজে’ জড়িত থাকার অভিযোগের কথা বলা হলেও বিস্তারিত জানানো হয়নি। প্রকাশিত খবর অনুযায়ী, দণ্ড কার্যকরের আগে বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

রিটে যা চাওয়া হয়েছে

রিটে দুজনের আটক, বিচার, দণ্ডাদেশ ও দণ্ড কার্যকর-সংক্রান্ত সব তথ্য ও নথি প্রকাশ এবং সংরক্ষণের নির্দেশনা চাওয়া হয়েছে। দণ্ড কার্যকরের আগে-পরে কী কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সরকার কবে, কীভাবে বিষয়টি জেনেছে, তার লিখিত ব্যাখ্যাও চাওয়া হয়েছে। বিদেশে আটক বাংলাদেশিদের সময়মতো কনস্যুলার সহায়তা দিতে কথিত ব্যর্থতা কেন সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের পরিপন্থী ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল চাওয়া হয়েছে।

আরও পড়ুন  মালয়েশিয়ায় আইটেক্স প্রযুক্তি প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ

পাশাপাশি ৭২ ঘণ্টার মধ্যে বিদেশে থাকা সব মিশনে প্রয়োজনীয় নির্দেশনা পাঠাতে পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে আদেশ দেওয়ার আবেদন করা হয়েছে। বিদেশে মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা অন্য বাংলাদেশিদের শনাক্ত ও আইনি সহায়তা নিশ্চিতের বিষয়েও নির্দেশনা চাওয়া হয়েছে।

বিবাদী যাঁরা

রিটে পররাষ্ট্রসচিব, প্রবাসীকল্যাণসচিব, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত, জেদ্দার কনসাল জেনারেল ও শ্রমকল্যাণ উইংয়ের প্রধানকে বিবাদী করা হয়েছে। আইনজীবী জানান, এর আগে ২৫ অক্টোবর লিগ্যাল নোটিশ পাঠিয়ে সাড়া না পাওয়ায় তিনি রিট করেছেন। রিটে কোনো বিদেশি রাষ্ট্র বা আদালতের বিরুদ্ধে আদেশ চাওয়া হয়নি।

আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে চালু হলো ই-কনস্যুলার সেবা

তথ্যসূত্র: জাগো নিউজ

ছবি: Rezowan / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও পড়ুন  বিদেশে প্রতারণা-নির্যাতন ঠেকাতে শক্তিশালী ট্রেড ইউনিয়নের তাগিদ

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ