বিদেশি দর্শনার্থীদের কাছে পণ্য ও সেবা বিক্রি করে পাওয়া বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ নিজেদের হিসাবে রেখে দিতে পারবে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মল ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। বাকি ৮৫ শতাংশ টাকায় রূপান্তর করতে হবে। রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, বিদেশি দর্শনার্থীদের কাছে বিক্রি উৎসাহিত করা, আন্তর্জাতিক লেনদেন সহজ করা এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বৈধ বৈদেশিক মুদ্রার প্রয়োজন মেটাতে এই সুবিধা দেওয়া হয়েছে।
যেসব শর্ত মানতে হবে
- অর্থ আসতে হবে প্রতিষ্ঠানের নিজের নামে থাকা বৈদেশিক মুদ্রা হিসাবে।
- বিদেশে ইস্যু করা কার্ড ও অনুমোদিত অন্যান্য মাধ্যমে পাওয়া অর্থ এই সুবিধার আওতায় পড়বে।
- রেখে দেওয়া অর্থ শুধু বিধিসম্মত চলতি হিসাবের বৈদেশিক মুদ্রা দায় পরিশোধে ব্যবহার করা যাবে।
অনুমোদিত ডিলার ব্যাংকগুলো এই নির্দেশনা বাস্তবায়ন করবে এবং প্রতিষ্ঠানগুলোর এ ধরনের লেনদেন গ্রহণের উপযুক্ত ব্যবস্থা আছে কি না, তা নিশ্চিত করবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক


