বিপি সিঙ্গাপুর ও কাতারএনার্জি থেকে ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। শনিবার কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতি অনুযায়ী, সরাসরি ক্রয় পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে পাঁচটি কার্গো কেনা হবে। প্রতি এমএমবিটিইউর দাম ধরা হয়েছে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) সূচকের চেয়ে ০ দশমিক ১৭ ডলার কম। পারস্পরিক সম্মতিতে এই প্রতিষ্ঠান থেকে আরও কার্গো কেনার সুযোগ রাখা হয়েছে।
এ ছাড়া দীর্ঘমেয়াদি সরকার-টু-সরকার চুক্তির আওতায় কাতারএনার্জি ট্রেডিং থেকে একটি কার্গো আসবে, যার দাম জেকেএমের চেয়ে ০ দশমিক ১০ ডলার কম। এই কার্গোটি আগামী ২০ ডিসেম্বর দেশে পৌঁছানোর কথা।
অন্যদিকে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জেরা গ্লোবাল মার্কেটস থেকে আরও একটি কার্গো কেনার নীতিগত অনুমোদন দিয়েছে। শীত মৌসুমে গ্যাসের চাহিদা মেটাতে এসব এলএনজি আমদানি করা হচ্ছে।
তথ্যসূত্র: অর্থ মন্ত্রণালয়


