রাজধানীর উত্তরার দক্ষিণখান থানা এলাকায় মাদক কারবারের আধিপত্য নিয়ে বিরোধের জেরে সনি আক্তার (৩০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর সংলগ্ন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের প্রাথমিক ধারণা, আট থেকে দশজনের একটি দল এ হামলা চালায়। নিহতের দুই পা ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত নারীও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
দক্ষিণখান থানার ওসি মো. ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
তথ্যসূত্র: জাগো নিউজ।


