তীব্র শিক্ষক সংকটে বান্দরবানের সাত উপজেলার আটটি সরকারি উচ্চবিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। এসব বিদ্যালয়ে শিক্ষকের ২২৩টি অনুমোদিত পদের মধ্যে ১৫০টি, অর্থাৎ প্রায় ৬৭ শতাংশই শূন্য।
বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ৭ হাজার ৫৫৬ জন। প্রয়োজনের মাত্র এক-তৃতীয়াংশ শিক্ষক দিয়ে চলায় নিয়মিত ক্লাস ও পাঠ্যক্রম শেষ করা কঠিন হয়ে পড়েছে, বিশেষ করে গণিত, বিজ্ঞান, ইংরেজি ও আইসিটিতে।
বান্দরবান সরকারি বালক ও বালিকা উচ্চবিদ্যালয়ে ৫৩টি করে পদের বিপরীতে শিক্ষক আছেন যথাক্রমে ২০ ও ১৯ জন। রোয়াংছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ে ২৭টি পদের বিপরীতে শিক্ষক মাত্র চারজন। কর্মচারী সংকটের কারণে শিক্ষকদের দাপ্তরিক কাজও করতে হচ্ছে।
তথ্যসূত্র: বিদ্যালয় সূত্র, দ্য ডেইলি স্টার।


