রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কম্পিউটার সেবা রপ্তানি ৮ দশমিক ৬৮ শতাংশ বেড়ে ৬৮ কোটি ৪২ লাখ ডলার হয়েছে। আগের অর্থবছরে এই আয় ছিল ৬২ কোটি ৯৫ লাখ ডলার।
মোট রপ্তানির প্রায় ৮৮ শতাংশ এসেছে আইটি-এনাবলড সার্ভিস (ডেটা প্রসেসিং, বিপিও, হোস্টিং) থেকে, যা ১১ দশমিক ২৮ শতাংশ বেড়ে ৬০ কোটি ৫০ লাখ ডলার হয়েছে। সফটওয়্যার রপ্তানি বেড়ে ৪ কোটি ৮৪ লাখ ডলার হয়েছে। তবে দুই খাতই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। কম্পিউটার কনসালটেন্সি রপ্তানি কমেছে ২৮ দশমিক ৬৬ শতাংশ।
এআইয়ের চাপ
খাত-সংশ্লিষ্টরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির বলেন, ৫০০ কোটি ডলারের লক্ষ্য অর্জনে ৮-১০ শতাংশ প্রবৃদ্ধি যথেষ্ট নয়। এআইয়ের কারণে ফ্রিল্যান্সার ও আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলো কাজ হারাচ্ছে এবং টু-ডি গ্রাফিকসের কাজ অনেকটাই কমে গেছে।
ব্রেইন স্টেশন ২৩-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রাইসুল কবির জানান, আগে যে ক্লায়েন্ট পাঁচজন পেশাজীবী নিত, এখন তারা তিনজন নিচ্ছে। কনটেন্ট তৈরির একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জানান, এআইয়ের কারণে তাঁর প্রতিষ্ঠানের কর্মী ৬০০-র বেশি থেকে কমে ৪০০-র নিচে নেমেছে।
তথ্যসূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), দ্য ডেইলি স্টার


