নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এভারেস্ট অঞ্চলের সোলুখুম্বু জেলার ফেরিচে হেলিপ্যাডে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নেপাল ও ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, ফিশটেল এয়ার ও এয়ার ডাইনাস্টির দুটি হেলিকপ্টার অবতরণের সময় সংঘর্ষে পড়ে। নিহত ব্যক্তি একজন ভারতীয় পর্যটক। আহত আরেক যাত্রীও ভারতীয় বংশোদ্ভূত বলে জানা গেছে।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এভারেস্ট বেস ক্যাম্পের পথে ফেরিচে পর্যটক ও পর্বতারোহীদের অন্যতম গুরুত্বপূর্ণ বিরতিস্থল।
তথ্যসূত্র: অনলাইনখবর, ফার্স্টপোস্ট, ইন্ডিয়া টুডে।


