ভেনেজুয়েলায় সেনা হামলায় কলম্বিয়ার একটি গেরিলা গোষ্ঠীর ক্যাম্পে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় আপুরে রাজ্যে গত শুক্রবার ভোরে এ হামলা হয়।
সীমান্ত রাজ্যগুলোর মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংগঠন ফান্ডারেডেস শুরুতে নয়জন নিহতের কথা জানিয়েছিল। পরে সংগঠনটির সমন্বয়ক হুয়ান ফ্রান্সিসকো গার্সিয়া এএফপিকে বলেন, হামলার পরদিন আরও ১০টি মরদেহ রাজ্যের রাজধানী সান ফার্নান্দোতে নেওয়া হয়েছে।
হামলার লক্ষ্য ছিল কলম্বিয়ার গেরিলা গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) একটি ক্যাম্প। ফান্ডারেডেসের প্রকাশ করা ভিডিওতে ক্ষতিগ্রস্ত ক্যাম্প ও ভেঙে পড়া গাছ দেখা যায়।
তথ্যসূত্র: ফান্ডারেডেস, এএফপি।


