
বরগুনা সংবাদদাতা
বরগুনার বেতাগীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিষখালী নদীতে চারটি মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এতে আহত হয়েছে দুই জেলে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বসতঘর। উপরে পড়েছে গাছপালা।
বৃহস্পতিবার (১৮মে) সকালে ঘন্টাব্যাপী কালবৈশাখী ঝড়ের তান্ডবে এ ঘটনা ঘটে।
উপজেলার মোকামিয়া ইউনিয়নের বাসিন্দা রবি সিকদার, ইমরান, ইদ্রিস ও বাবুল মাছ ধরতে বিষখালী নদীতে গেলে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। ডুবে যায় মাছ ধরার চারটি ইঞ্জিন চালিত নৌকা। কোনোভাবে প্রাণে রক্ষা পেয়েছেন ওই চার জেলে। তবে নৌকায় থাকা মাছ ধরার জালসহ সকল সরাঞ্জামাদি তলিয়ে গেছে নদীতে।
বিষখালী নদিতে ঝড়ের কবলে পড়া আহত জেলে রবি সিকদার জানান, হঠাৎ নদীতে ঝড় শুরু হয়। নদীর পাড়ে আসার সময়ও পাননি। মুহুর্তে তলিয়ে যায় চারটি ইঞ্জিনচালিত নৌকা। তারা কোনো রকমে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছেন।
উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রিকশাচালক ইদ্রিস হাওলাদারের ঘরে গাছ পড়ে সেটি ভেঙে পড়েছে। এছাড়াও ওই ওয়ার্ডের প্রায় ১৮টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার বিভিন্ন জায়গার গাছপালা ভেঙে পড়েছে।
হোসনাবাদ এলাকায় শতাধিক গাছ ঝড়ের কবলে ভেঙে পড়েছে। এছাড়াও বিধ্বস্ত হয়েছে আরও ঘরবাড়ি।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। বরাদ্দ আসলে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।
এম.নাসির/১৮



