জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে ভুয়া আমদানি-রপ্তানির মাধ্যমে ১ হাজার ১২১ কোটি ৪৯ লাখ টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান, তাঁর ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানসহ ৩৭ জনকে তিনটি মামলায় আসামি করা হচ্ছে।
সোমবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের সচিব সাইদুর রহমান খান জানান, তিন মামলায় যথাক্রমে ২২, ২২ ও ২৫ জনকে আসামি করা হবে। একই ব্যক্তির নাম একাধিক মামলায় আছে। আসামিদের মধ্যে জনতা ব্যাংকের সাবেক এমডি আব্দুছ ছালাম আজাদসহ ব্যাংকের কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তাও রয়েছেন।
দুদকের অভিযোগ, অভিজ্ঞতাহীন তিনটি নতুন প্রতিষ্ঠানের নামে রপ্তানি উন্নয়ন তহবিলের সুবিধাসহ ঋণ নিয়ে ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে ভুয়া বিল তৈরি করা হয়। পরে সেই অর্থ আত্মসাৎ ও পাচার করা হয়।
তথ্যসূত্র: দুদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, প্রথম আলো।


