ডেঙ্গু প্রতিরোধে মশার লার্ভা নিয়ন্ত্রণে জাপানি প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রশিক্ষণ ও সরাসরি লার্ভিসাইড প্রয়োগ কার্যক্রম চালানো হয়।
৩১ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধ ফাউন্ডেশন বাংলাদেশ, কাইজেন কানেক্টস লিমিটেড এবং জাপানের আর্থ করপোরেশন যৌথভাবে এ কর্মসূচি আয়োজন করে। কারা কর্মকর্তাদের এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও লার্ভা নিয়ন্ত্রণে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে কারাগারের চিহ্নিত প্রজননস্থলে পাইরিপ্রক্সিফেন উপাদানের লার্ভিসাইড ট্যাবলেট প্রয়োগ করা হয়। আয়োজকেরা জানান, এ উপাদান লার্ভা থেকে পূর্ণাঙ্গ মশা হওয়া ঠেকায়। কীটতত্ত্ববিদেরা বলেন, বাড়ির আশপাশে জমে থাকা পানির পাশাপাশি সহজে চোখে পড়ে না এমন জায়গাও এডিসের প্রজননস্থল হতে পারে।
তথ্যসূত্র: আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তি, সমকাল।


