মালয়েশিয়াজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। কর্মস্থল, নির্মাণ এলাকা, কারখানা, রেস্তোরাঁ ও আবাসিক এলাকায় নিয়মিত অভিযান চলায় সেখানে থাকা বাংলাদেশি কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ১১ হাজার ১১০টি অভিযানে ৬৫ হাজার ৬৯৯ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ১ হাজার ৯৬৬ জন নিয়োগকর্তাকেও আটক করা হয়। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৪৫ হাজার ৫৯৭ জন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর কুয়ালালামপুরের লেবুহ পুডুতে এক অভিযানে ৪৭২ জনকে আটক করা হয়, যাঁদের মধ্যে ৩৬৪ জনই ছিলেন বাংলাদেশি।
কী কারণে আটক
বৈধ ভ্রমণ নথি বা ওয়ার্ক পারমিট না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং অনুমোদিত শর্তের বাইরে কাজ করাকে আটকের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। ভ্রমণ ভিসায় গিয়ে কাজ করাও দেশটিতে অপরাধ।
প্রবাসী কমিউনিটির নেতারা বলছেন, প্রতারণামূলক নিয়োগের কারণে অনেকে না জেনেই অবৈধ হয়ে পড়েন। নথিপত্র-সংক্রান্ত সমস্যায় পড়লে দ্রুত বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ


