ভারতের জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বিয়ে করেছেন সাংবাদিক নিধি রাজদানকে। শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনই বিয়ের খবর নিশ্চিত করেন।
৫৬ বছর বয়সী ওমর এক্সে দুজনের ছবি পোস্ট করে লেখেন, গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো। পোস্টে ৪৯ বছর বয়সী নিধিকে ট্যাগ করেন তিনি। জবাবে নিধি লেখেন, ‘ইটস ডান ব্রো’। মুহূর্তেই পোস্ট দুটি ভাইরাল হয়ে যায়।
ঘরোয়া আয়োজনে ওমর আবদুল্লাহর বিয়ে
ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শ্রীনগরে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে ছোট ঘরোয়া আয়োজনে বিয়ে হয়েছে। ওমরের পক্ষে উপস্থিত ছিলেন তাঁর বাবা ও ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ, মা মলি আবদুল্লাহ ও তিন বোন। নিধির পক্ষে ছিলেন তাঁর মা-বাবা জ্যেষ্ঠ সাংবাদিক এম কে রাজদান ও সরলা রাজদান।
নিধি রাজদান ভারতের টেলিভিশন সাংবাদিকতায় পরিচিত মুখ। দীর্ঘদিন এনডিটিভির সঞ্চালক হিসেবে কাজ করেছেন তিনি।
এর আগে ১৯৯৪ সালে পায়েল আবদুল্লাহকে বিয়ে করেছিলেন ওমর। দিল্লির একটি হোটেলে কাজ করার সময় তাঁদের পরিচয়। এ দম্পতির দুই ছেলে জহির ও জমির। ২০০৯ সাল থেকে তাঁরা আলাদা থাকছিলেন; দীর্ঘ আইনি লড়াইয়ের পর পারস্পরিক সম্মতিতে আবেদন করলে গত জুলাইয়ে ভারতের সুপ্রিম কোর্ট তাঁদের বিচ্ছেদ মঞ্জুর করেন।
আরও পড়ুন: বাইন্যান্সে হ্যাক: ২০ মিনিটে ৬৩০ কোটি ডলার চুরি, সন্দেহ উত্তর কোরিয়ার দিকে
তথ্যসূত্র: প্রথম আলো, এনডিটিভি অবলম্বনে
ছবি: Dashrathgoyal85 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি


