বাংলাদেশে সম্পদ ব্যবস্থাপনা (ওয়েলথ) ও খুচরা ব্যাংকিং ব্যবসা বিক্রির বিষয়ে কয়েকটি ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। ব্যাংকটির দাবি, সম্ভাব্য ক্রেতাদের কাছ থেকে উল্লেখযোগ্য আগ্রহ পাওয়া যাচ্ছে এবং একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়া আশা করা হচ্ছে। গোপনীয়তার কারণে সংশ্লিষ্ট পক্ষগুলোর নাম প্রকাশ করেনি ব্যাংকটি।
দেশীয় ব্যাংকগুলো এ দৌড় থেকে সরে যাচ্ছে বলে গত ১০ নভেম্বর একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের জবাবে ব্যাংকটি এ তথ্য জানায়। প্রতিবেদনটিকে বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।
প্রক্রিয়া চলবে ১৮-২৪ মাস
ব্যাংকটি জানিয়েছে, ১২০ বছরে গড়ে ওঠা তাদের ওয়েলথ ও খুচরা ব্যাংকিং ব্যবসা শক্ত অবস্থানে আছে। বিক্রয় প্রক্রিয়া একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এটি শেষ হতে ১৮ থেকে ২৪ মাস লাগতে পারে।
করপোরেট ব্যবসায় মনোযোগ
অক্টোবরের শুরুতে স্ট্যান্ডার্ড চার্টার্ড খুচরা ব্যবসা বিক্রির ঘোষণা দেয়। আন্তসীমান্ত ও উচ্চবিত্ত গ্রাহকদের দিকে বেশি মনোযোগ দিতেই এ সিদ্ধান্ত। ব্যাংকটি জানিয়েছে, বাংলাদেশে করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং ব্যবসা চালিয়ে যেতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
ব্যাংকটির করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের কান্ট্রি হেড বিতপী দাশ চৌধুরী এ কৌশল সম্পর্কে ব্যাংকের অবস্থান তুলে ধরেন।


