বাংলাদেশের তুলা আমদানিতে শীর্ষ সরবরাহকারী হিসেবে ব্রাজিলের অবস্থান আরও শক্ত হয়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ বিপণন বছরে ব্রাজিল থেকে প্রায় ২৪ লাখ বেল তুলা এসেছে, যা মোট আমদানির ৩৩ শতাংশ। আগের বছর ব্রাজিলের হিস্যা ছিল ২৫ শতাংশ, পরিমাণ ১৯ লাখ বেল।
তৃতীয় বৃহত্তম আমদানিকারক বাংলাদেশ
ইউএসডিএর হিসাবে ভিয়েতনাম ও চীনের পর বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম তুলা আমদানিকারক এবং চতুর্থ বৃহত্তম ভোক্তা। বিদায়ী বিপণন বছরে দেশে ৭৬ লাখ বেল তুলা ব্যবহৃত হয়েছে, যার ৯৭ শতাংশই আমদানিনির্ভর।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারত থেকে এসেছে ১০ লাখ বেল (১৫ শতাংশ)। বেনিন ও যুক্তরাষ্ট্রের হিস্যা ১২ শতাংশ করে, পরিমাণ যথাক্রমে ৮ লাখ ৭০ হাজার ও ৮ লাখ ৬০ হাজার বেল। প্রতিবেদনে বলা হয়, মানের কারণে অনেক স্পিনার মার্কিন তুলা পছন্দ করলেও কম পরিবহন খরচ ও দ্রুত সরবরাহের সুবিধায় দক্ষিণ আমেরিকা ও পশ্চিম আফ্রিকার সরবরাহকারীরা এগিয়ে যাচ্ছে।
আগামী বছরের পূর্বাভাস
বিশ্ববাজারে দাম ও জাহাজভাড়া বাড়ায় চলতি বছরের আমদানি পূর্বাভাস কমিয়েছে ইউএসডিএ। ২০২৬-২৭ বিপণন বছরে আমদানি ১.৩৫ শতাংশ বেড়ে ৭৫ লাখ বেল এবং ব্যবহার ৭৭ লাখ বেল হতে পারে।
অর্ধেক সক্ষমতায় সুতাকল
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের ৫৩০টি সুতাকলের বছরে ২ কোটি বেলের বেশি তুলা প্রক্রিয়ার সক্ষমতা থাকলেও জ্বালানি সংকটে সেগুলো প্রায় অর্ধেক সক্ষমতায় চলছে। স্থানীয় সুতা ও কাপড় ব্যবহার করা পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ১ জুলাই থেকে এক বছরের জন্য ১.৫ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। কাঁচামাল কিনতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার প্রাক-পুনঃঅর্থায়ন তহবিলও রয়েছে।


