বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। কিন্তু এ সাফল্যের পেছনের শ্রমিকেরা উচ্চ মূল্যস্ফীতির চাপে খাবার ও চিকিৎসা খরচ কমিয়ে কোনোমতে সংসার চালাচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে শ্রমিকদের এ সংগ্রামের চিত্র উঠে এসেছে।
বেতনে মাস চলে না
গাজীপুরের ২৭ বছর বয়সী এক নারী শ্রমিক বেকার স্বামী, বাবা-মা ও শ্বশুর-শাশুড়ির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। শুরুতে ৯ হাজার টাকা পেলেও এখন তাঁর বেতন ১৩ হাজার ৫০০ টাকা, ওভারটাইমসহ প্রায় ১৬ হাজার। তিনি জানান, মাসের শেষ পর্যন্ত টাকা টেকে না।
আশুলিয়ার ২৯ বছর বয়সী এক সেলাই অপারেটর জানান, দুই মেয়েকে নিয়ে প্রায়ই শুধু ভাত আর সবজি খেয়ে দিন কাটে। খরচ কমাতে এক মেয়ের পড়াশোনা বন্ধ করতে হয়েছে।
মজুরির দাবি ও মালিকদের উদ্বেগ
শ্রমিকেরা ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানাচ্ছেন। মজুরি বোর্ড গত ৪ নভেম্বর ডিসেম্বর থেকে নতুন কাঠামো কার্যকরে সম্মত হয়েছে, জানুয়ারিতে নতুন হারে বেতন মিলবে। তবে বৃদ্ধির হার এখনো ঠিক হয়নি। আন্দোলনের কারণে কয়েক শ কারখানা বন্ধ রাখতে হয়েছে।
২০২২ সাল থেকে দেশে মূল্যস্ফীতি গড়ে প্রায় ৯ শতাংশ। মালিকেরা বলছেন, হঠাৎ বড় হারে মজুরি বাড়ালে ভারত ও ভিয়েতনামের তুলনায় খরচের সুবিধা হারাবে বাংলাদেশ। জ্বালানি ব্যয়ের কারণে মুনাফা এমনিতেই কমেছে। তাঁদের দাবি, শ্রমিকেরা বছরে ৯ শতাংশ ইনক্রিমেন্ট ও দুটি উৎসব ভাতাও পান।
অর্থনীতির মেরুদণ্ড
দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে পোশাক খাত থেকে। এ খাতে কাজ করেন ৪০ লাখের বেশি মানুষ। এইচঅ্যান্ডএম, জারা, গ্যাপ, প্রাইমার্ক ও ওয়ালমার্টের মতো ব্র্যান্ড বাংলাদেশ থেকে পোশাক কেনে।


