ক্রয়াদেশ কমে যাওয়া, উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং ঋণের সুদ বাড়ায় দেশের ক্ষুদ্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কঠিন সময় পার করছে। এতে কর্মসংস্থানও ঝুঁকিতে পড়ছে।
আয়ের চেয়ে খরচ বেশি
ঢাকায় চামড়াজাত পণ্যের একটি কারখানা চালান ফরিদা ইয়াসমিন বিথী। সেখানে কাজ করেন ১৪-১৫ জন। গত মাসে তাঁর বিক্রি ছিল এক লাখ টাকারও কম, অথচ মাসিক খরচ দেড় থেকে দুই লাখ টাকা। ১০ লাখ টাকার ব্যাংকঋণের কিস্তি ও কর্মীদের বেতন দেওয়া কঠিন হয়ে পড়েছে।
কোলাজেন বাংলাদেশের গোলাম মোরসালিন বলেন, ডলারের দাম বৃদ্ধি, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও ঘন ঘন লোডশেডিংয়ে তিন মাসে তাঁদের প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা লোকসান হয়েছে। ১৪ জন কর্মীর মধ্যে তিন-চারজনকে ছাঁটাই করতে হতে পারে।
রংপুরের পাটপণ্য উৎপাদনকারী অসিত চৌধুরী জানান, ২০২৩ সালে তাঁর মাসিক বিক্রি ছিল ১২-১৫ লাখ টাকা, গত বছর তা নেমেছে প্রায় ৭ লাখ টাকায়। ফরিদপুরের আরকে মেটাল জানিয়েছে, সরকারি দরপত্র কার্যক্রম থমকে আছে।
ঋণ পেতে সমস্যা
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের এম মাশরুর রিয়াজ বলেন, জিডিপিতে এসএমই খাতের অবদান প্রায় ২৫ শতাংশ। উচ্চ মূল্যস্ফীতি, সুদের হার বৃদ্ধি ও খেলাপি ঋণ বাড়ায় ব্যাংকগুলো ছোট প্রতিষ্ঠানকে ঋণ দিতে অনাগ্রহী।
এসএমই ফাউন্ডেশনের তথ্যমতে, অর্থনৈতিক শুমারি ২০২৪ অনুযায়ী কুটির, অণু, ক্ষুদ্র ও মাঝারি শিল্প অর্থনীতির প্রায় ৩০ শতাংশ এবং দেশের শিল্পপ্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ।


