কোম্পানির পরিচালক, বড় শেয়ারধারী বা তাঁদের পরিবারের সঙ্গে প্রতিষ্ঠানের লেনদেন, অর্থাৎ সংশ্লিষ্ট পক্ষের লেনদেন (রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন বা আরপিটি), কোম্পানির অর্থ সরানোর অন্যতম প্রধান পথ হয়ে উঠেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) খসড়া করপোরেট গভর্ন্যান্স বিধিমালা ২০২৬-এ এ বিষয়ে আরও কঠোর নিয়ম চান বিশেষজ্ঞরা।
খসড়ার দুর্বলতা
এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক স্নেহাশীষ বড়ুয়া এক বিশ্লেষণে বলেছেন, খসড়ার ২১ নম্বর বিধিতে তিন ধাপের পর্যালোচনা রাখা হয়েছে: অডিট কমিটি সুপারিশ করবে, পর্ষদ অনুমোদন দেবে, আর অধিকাংশ পরিচালক স্বার্থসংশ্লিষ্ট হলে শেয়ারধারীরা সিদ্ধান্ত নেবেন। কিন্তু ছয় পরিচালকের মধ্যে মাত্র দুজন স্বার্থসংশ্লিষ্ট হলে লেনদেন শেয়ারধারীদের ভোট এড়িয়ে যেতে পারে।
যেসব সংস্কারের প্রস্তাব
তাঁর প্রস্তাব, অর্থ পরিশোধের পরে নয়, আগেই অডিট কমিটি ও পর্ষদের অনুমোদন নিতে হবে; নিয়মিত সরবরাহের জন্য বার্ষিক সমন্বিত অনুমোদন রাখা যেতে পারে। মোট দৃশ্যমান সম্পদের ১ শতাংশ বা টার্নওভারের ১০ শতাংশ ছাড়ালে লেনদেনকে ‘বড়’ ধরা উচিত এবং একই পক্ষের সব চুক্তি একসঙ্গে গুনতে হবে, যাতে ১০০ কোটি টাকার চুক্তি ভেঙে ১০ কোটির ১০টি চুক্তি করা না যায়।
এ ছাড়া প্রকৃত সুবিধাভোগী মালিকের বাধ্যতামূলক নিবন্ধন, বড় লেনদেনে স্বাধীন মূল্যায়ন এবং স্বার্থসংশ্লিষ্ট শেয়ারধারীদের, যাঁরা প্রায়ই ৪০-৬০ শতাংশ শেয়ারের মালিক উদ্যোক্তা, ভোটদানে নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছে।
আগের নিয়মও দুর্বল হওয়ার শঙ্কা
বিশ্লেষণে উল্লেখ করা হয়, ২০২১ সালের ২২ মার্চের বিএসইসির প্রজ্ঞাপনেই ১ ও ১০ শতাংশের সীমা এবং শেয়ারধারীর অনুমোদনের বিধান ছিল; নতুন খসড়ায় তা শিথিল হওয়ার ঝুঁকি রয়েছে। ভারতে আগাম অডিট কমিটির অনুমোদন বাধ্যতামূলক এবং বড় লেনদেনে সংশ্লিষ্ট পক্ষ ভোট দিতে পারে না। মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় স্বাধীন মূল্যায়ন ও স্বার্থমুক্ত শেয়ারধারীদের ভোট লাগে।


